- আচ্ছা, তোমার কি হয়েছে বলোতো?
- কিছু না...
- কিছু না বলে তো হবে না...সকাল থেকে দেখছি মুখটা কেমন শুকনো করে কাজ করছো। কি হয়েছে?
- বললাম তো কিছু না...
- আমায় বলা যাবে না?
- বললাম তো কিছু হয় নি। এক কথা একশোবার জিজ্ঞাসা করবে না। তুমি তোমার কাজ করো। আমায় বিরক্ত করতে এসো না।
- বাবা! দিন দিন দেখছি মেজাজ খুব চরমে উঠছে।
- এই শোনো ...অন্যের পিছনে না ঘুরঘুর করে নিজের চরকায় তেল দাও। আমায় একটু শান্তিতে থাকতে দাও।
- তোমায় কি আমি অশান্তিতে রেখেছি?
- তাহলে বারবার আমায় একই প্রশ্ন কেনো জিজ্ঞাসা করছো সূর্য?
- চোখের সামনে কাউকে মুখটা বেজার করে ঘুরে বেড়াতে দেখলে , কর মনটা ভালো থাকে বলো?
- আমার কিচ্ছু হয় নি। আমি একদম ঠিক আছি। প্লিজ তুমি এখন এখান থেকে যাও ।
- তাহলে বলবে না?
- না বললাম তো। শোনো...আমি তোমার খাই ও না আর তোমার পরিও না। সুতরাং কথায় কথায় আমি তোমায় জবাবদিহি করতে বাধ্য নই। বুঝলে...
- লোকে ঠিকই বলে , চাকরি জীবী মেয়েকে বিয়ে করলে এসব আতেল কথা শুনতে হবে। এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি।
- কি বললে?
- কিছু নয়...নিজের অদৃষ্টকে দোষ দিচ্ছি আর কি করবো বলো... সবই আমার ভাগ্য।
- তাহলে তোমার যদি এতই প্রবলেম হয় তাহলে আমায় ডিভোর্স দিয়ে দাও। তোমার জ্বালা জুরক। তাহলে তো তোমার ভাগ্য ফিরবে। তারই ব্যবস্থা করো।
- অনু...তোমার কি কোনো কথাই মুখে আটকায় না। যা মনে আসে তাই বলে ফেলো ... জানো তো আগেকার দিনে মা , কাকিমারা হয়তো এখনকার মতো এতটা বেশি স্বাবলম্বী ছিল না। কিন্তু তাদের কাজে কর্মে চলনে বলনে একটা নম্রতা, বিনয়ী ভাব ফুটে উঠতো। কিন্তু এখনকার অনেক চাকুরী জীবী মহিলা আছেন , যাদের মধ্যে ঔদ্ধত্য, অহংকার বোধ অনেক বেশি। পুঁথিগত ডিগ্রি নিয়ে ক্যারিয়ারে সফল হলেও প্রকৃত শিক্ষা গুলো ভুলে যাচ্ছে। আমি কিন্তু সব কর্মরতা মহিলাদের কথা বলি নি। কিছু সংখ্যক এমন মহিলাও আছেন। তাদের কথা বলছি।
- হ্যাঁ...আর এই কিছু সংখ্যক মহিলাদের দলে তুমি তো আমাকেও রাখলে সূর্য...
- হ্যাঁ রেখেছি। কারণ তোমার ঔদ্ধত্য ও দিন দিন চরমে উঠছে।
- সূর্য...
- চোখ রাঙাবে না অনু...একদম আমায় চোখ রাঙাবে না। আমি একটাও অনুচিত কথা বলি নি।
- সপ্তাহে একদিন অফিস ছুটি থাকে। একটু নিজে রিল্যাক্স এ সময় কাটাবো...সে উপায়ও আমার নেই।
- তোমার কথাটা তো আমার ক্ষেত্রেও প্রযোজ্য। আমিও তো উল্টে ওই একই আক্ষেপ করতে পারি।
- সরো... চোখের সামনে থেকে আর ভালো লাগছে না।
- সেই ...এখন তো আমি চোখের বালি।
- সূর্য... কি সব টিপিকাল বরে দের মতো পায়ে পা লাগিয়ে ঝগড়া করছো বলো তো? আমার এখন তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না। এমনিতেই তুমি আমায় অনেক কথা শুনিয়েছো। আমার তো শিক্ষার অভাব, তাই তো...বেশ, আমি অশিক্ষিত, অভদ্র, আমি খারাপ। হয়েছে? এবার তোমার শান্তি তো? এখন যাও এখান থেকে। আমায় একটু একা থাকতে দাও। আমার কিছু ভালো লাগছে না। প্লিজ ...গো...
- বেশ... যাচ্ছি। চা খাবে? আমি চা বানাতে যাচ্ছি।
- না ...খাবো না।
- আমি তো ছুটির দিন রোজই এই বিকেল বেলায় চা করি। তুমি তো খাও।
- আজকের দিনটা অন্যদের মতো কি... সিচুয়েশনটা তুমি খারাপ করেছো সূর্য। যাও...আমি খাবো না। তোমার মতো করে তুমি খাও। আমার কথা তোমায় ভাবতে হবে না।
- করছি...একটু আদা দিয়ে মশলা চা। খেয়ে দেখো মাথাটা অনেকটা ফ্রেশ লাগবে। আর হ্যাঁ...তোমায় ঐভাবে বলাটা আমার উচিত হয় নি। সরি।
- দাঁড়াও... শোনো ...
- হাতটা ছাড়ো অনু।
- না ছাড়বো না...কি করবে তুমি?
- কিছুই করবো না। কিছুই করার আমার যোগ্যতা নেই। আমি পুরুষ মানুষ। আমার কোনো কিছুতে কৌতূহল জাগা মানায় না, অভিমান করা মানায় না। পুরুষদের কোনো কিছুতেই কষ্ট পেতে নেই।
- চোখের দিকে তাকাও সূর্য?
- না, তুমি কি বলবে বলো...আমি শুনছি।
- মুখটা তোলো... কই দেখি...
- ছাড়ো, অনু। আমি চা বানিয়ে আনছি।
- এতো রাগ করেছো আমার ওপর?
- তোমায় আমি হাজার বার বলেছি অনু, প্লিজ তুমি কথায় কথায় ' ডিভোর্স ' শব্দটা মুখে এনো না। ভালো লাগে না শুনতে।
- বেশ...কথা দিচ্ছি। আর কখনো বলব না। একেই তো দেখছো আমি একটু টেনশনের মধ্যে আছি। তার ওপর তুমি এত বার জিজ্ঞাসা করছো। আমি মেজাজ ঠিক রাখতে পারি নি।
- তুমি চাকরি করো। স্বাবলম্বী ...ভালো কথা। আমি প্রতিটা মেয়েকেই সম্মান করি। সব মেয়েদেরই নিজেদের পায়ে দাঁড়ানো উচিত। এটা আমিও মানি। কিন্তু ওই যে তুমি বললে - আমি তোমার টাকায় খাই না, পরি না...এই কথা গুলো কিন্তু ঠিক নয়।
- ভুল হয়ে গেছে। আর কখনো হবে না। সরি।
- বেশ...আমি চা আনছি। একটু ওয়েট করো। সাথে একটু পপকর্ন ও আনছি। খাবে তো?
- হুমম, বলছি শোনো না...
- আবার কি হলো... সব তো মিটে গেলো।
- কি জন্য আমি এত টেনশনে আছি জানতে চাও না?
- জানতে তো চেয়েছিলাম। নিজের সবচেয়ে কাছের মানুষটা যখন চোখের সামনে মুখ গোমরা করে ঘুরে বেড়ায়, তখন কোন স্বামীর ভালো আগে বলতে পারো? তুমি বুঝবে না, তোমার মুখে অমাবশ্যার অন্ধকার দেখলে আমার বুকটাও অজানা আশঙ্কায় কেঁপে ওঠে। তাই ...
- বসো... বলছি
- না...থাক। হয়তো তোমার কিছু পার্সোনাল ব্যাপার...আমার জানার অধিকার নেই। তাই হয়তো বলো নি।
- একদম মান করে থাকবে না বলে দিচ্ছি। এদিকে বাবুর, কষ্টে বুকটা ফেটে যাচ্ছে...আবার সামনে এত রাগ পুষে রেখেছে ।
- আগের সপ্তাহে অফিসের কলিগ শুভমিতার বিয়েতে গিয়েছিলাম যে...তোমার দেওয়া আগের বছরের অ্যানি ভারসারির সোনার নেকলেসটা পরে গিয়েছিলাম। ওত রাতে বাড়ি ফিরে তাড়াহুড়োতে ড্রেসিং টেবিলের ভিতর রেখেছিলাম। ভেবেছিলাম ছুটির দিন আলমারির লকারে রেখে দেবো। আর আজ সকাল থেকে ওটা খুঁজে পাচ্ছি না। এখন আমার নিজেরই মনে পরছে না। ওটা আদেও ড্রেসিং টেবিলের ভিতর রেখেছিলাম কিনা... নাকি ভ্যানিটি ব্যাগেই রেখেছিলাম। কারণ ওই ব্যাগটা নিয়েই আবার পরদিন অফিস গেছি। যদি ব্যাগেই থাকে, তাহলে হয়তো গেলো...কারণ ট্রেনে, বাসে যাতায়াত করেছি। তোমার দেওয়া উপহার, আবার ওতো টাকা দামের সোনার জিনিস। তাই তোমায় বলতে চাই নি। নিজেই সারাদিন মনে করার চেষ্টা করছিলাম। আর কাজ করছিলাম। তোমারও তো শুনলে মন খারাপ করবে বলো। কিন্তু দেখো শেষ পর্যন্ত বলতেই হলো...আবার কথাকাটাকাটি ও হলো। সবই আমার কপাল।
- এই জন্য বলে, যা প্রবলেম হবে নিজের কাছের মানুষটার সাথে শেয়ার করবে। এতে রাগ, হতাশা, দুঃখ, কষ্ট অনেকটা হালকা হয়।
- কিন্তু এক্ষেত্রে ঘটনাটা শুনে তোমারও তো কষ্ট হচ্ছে। মন খারাপ লাগছে বলো। তাই বলি নি।
- ওটা আছে...আমি তুলে রেখেছি। তুমি ওটা ওয়াশরুমে খুলে রেখেছিলে। আমি তোমায় কিচ্ছু বলি নি। শুধু দেখছিলাম তোমার কতদিনে হুশ হয়।
- মানে... সত্যি তুমি ওটা তুলে রেখেছো? থ্যাংক গড। তুমি আমায় বাঁচালে সূর্য। সকাল থেকে যা টেনশনে ছিলাম সে আর বলার নয়।
- টেনশন আমারও হচ্ছিল। ভেবেছিলাম তোমার অফিসে কিছু হয়েছে নাকি...
- তুমি ওটা রেখে দিয়েছো আগে বলো নি কেনো? আমি সকাল থেকে চিন্তা করে করে মরছি।
- আশ্চর্য ! তুমি কি নিয়ে টেনশন করছো আমায় না বললে কি করে বুঝবো। সেটাই তো জানার চেষ্টা করছিলাম। আমি ওটা আগে বলি নি কারণ তোমায় দেখছিলাম তোমার কখন হুশ ফেরে।
- এবার হাড়ে হাড়ে টের পাচ্ছি।
- কি?
- মনের কথা স্বামীকে না বললে কতটা তার খেসারত দিতে হয়...
- ছাড়ো, বাদ দাও..ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। গয়না হারায় নি। বাড়িতেই আছে। নিরাপদে আছে। এবার নিশ্চিন্তে এক কাপ চা খাও। অনেক দেরি হয়ে গেছে। চট করে করে আনছি।
- হ্যাঁ... নিয়ে এসো। জমিয়ে চা টা উপভোগ করব। উফফ! সকাল থেকে কি ধকলটাই না গেলো আমার উপর দিয়ে। তোমার হাতে বানানো চা টা খেলে শরীরটা আরও ঝরঝরে হবে ।
সমাপ্ত
-
0 মন্তব্যসমূহ