একটি মধ্যবিত্ত সংসারের চেনা গল্প

 - কি কি সবজি কাটবো মা?


- দেখো কি আছে ফ্রিজে... সেই মতো সবজি কাটতে হবে...


- মা, ফ্রিজে তো দেখছি বেশ কয়েকটা ঝিঙে, দুটো কাঁচকলা, দুটো বেগুন, বরবটি, গাজর সবই প্রায় আছে। 


- টমেটো আছে কি দেখো তো... নাহলে সবজি ওয়ালা হাকলে কিনতে হবে। 


- হ্যাঁ মা আছে। 


- আর কাঁচা লঙ্কা?


- তাও আছে। 


- এই রে ভুলেই গিয়েছিলাম। গতকাল ই তো কাঁচা লঙ্কা কিনলাম। দেখো বৌমা, সেদিন কাঁচালঙ্কা গুলো কিনে বোটা সমেতই তাড়াহুড়ো করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। বোটা ছাড়ানো হয় নি। ছাড়িয়ে রেখো। নাহলে অতগুলো লঙ্কা সব পচে যাবে। 


- আচ্ছা মা, ধুয়ে ছিলে? নাকি ধুয়ে বোটা ছাড়িয়ে রাখবো?


- হ্যা হ্যা... ধুয়েই রাখা আছে। তুমি শুধু বোটা গুলো ছাড়িয়ে রাখবে। আমি পুজোটা সেরে নিই। তুমি সবজি গুলো ততক্ষণ কাটো।


- কিন্তু কি রান্না হবে... কি কি সবজি কাটবো বললে না তো...


- সবই কি আমি বলে দেবো তারপর তুমি কাটবে? একদিন তো তোমার মনের মতো সবজি করতে পারো। রোজ আমায় জিজ্ঞাসা করতে হবে কেনো? তুমিও তো এই বাড়ির একজন সদস্য। তোমার পছন্দেরও তো দাম আছে না কি?


- ও তুমি যা বলবে তাই হোক। একই তো ব্যাপার। 


- তাই বুঝি...আমি যেটা যেটা বলি তোমার সেই রান্না গুলো ভালো লাগে? কখনো মনে হয় না আজ একটু অন্য সবজি কিংবা রেসিপি হলে ভালো হতো?


- সত্যি বলতে কি...না আমার কোনোদিনও এমন মনে হয় না। তোমার হাতে জাদু আছে মা। তুমি যেমনটি রান্না করো তাতে সব রান্নার টেস্টই আমার দারুণ লাগে। আমার সত্যিই খাওয়া নিয়ে কোনো অসুবিধা হয় না। 


- তা ভালো। আমি ভাবছি নানারকম সবজি দিয়ে আজ যদি রুই মাছের ঝোল রান্না করি কেমন হবে?


- সে তো খুব ভালোই হয়। আমার খুব ফেভারিট ডিস এটা। গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর সাথে পাতলা মাছের ঝোল। দারুন...দারুণ কম্বিনেশন। আমার এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আর কিচ্ছুটি লাগবে না। 


- পাগলী মেয়ে একটা। 


- মা, তোমার হাতের এই রান্নাটা কিন্তু সত্যিই দারুণ হয়। তোমার ছেলেও তাই বলে। আমায় এই রান্নাটা শিখিয়ে দেবে তো। 


- এ আবার কী এমন ব্যাপার। আমি তো খুব সাধারণ মশলা দিয়েই এই রান্নাটা করি। তুমি ইউটিউব দেখে আরও ইউনিক প্রসেসে মাছের ঝোল শিখে নিতে পারো। তাহলে দুরকম ভাবেই খাওয়া যেতে পারে। কখনো আমার বানানো মাছের ঝোল হবে। আবার কখনো তোমার বানানো।


- তোমার রান্নার কাছে ইউটিউবের সব চ্যানেল ফেল। তোমার ছেলেকে কত আর বলেছি মা কে একটা রান্নার চ্যানেল খুলে দেবে... ও কিছুতেই কোনো উচ্চবাচ্য করছে না। 


- ধুর! এই বয়সে আর ওসব করতে ইচ্ছে করে না। 


- কি এমন বয়স হয়েছে তোমার শুনি? তোমার মতো বয়সের অনেক ইউটিউবার আছে যারা আজ  খুব সাকসেস জায়গায় পৌঁছে গেছে।


- আমার ওসবে তে শখ নেই গো। বাড়ির, আত্মীয় স্বজনদের রেঁধে বেড়ে খাওয়াতে পেলেই সবচেয়ে বেশি তৃপ্তি পাই।


- সারাজীবনটাই তোমার এই চার দেওয়ালের গণ্ডির ভিতর কেটে গেলো। নিজেকে নিয়ে কিছু ভাবলে না। অথচ তোমার মধ্যে কত কত ট্যালেন্ট ছিল। এগুলো কিন্তু  মা , তুমি ভুল করেছো। নিজের প্রতিভা গুলোকে  কখনো মেরে ফেলতে নেই। জাগিয়ে রাখতে হয়। কিছু কিছু প্রতিভা থাকে সেগুলো ভগবানের দেওয়া উপহার, আশীর্বাদ। সেগুলোকে নিয়ে কাজ করতে হয়। সমাজের মাঝে বিলিয়ে দিতে হয় সেই প্রতিভা গুলোকে। যাতে সেগুলো অন্যের উপকার আসে, আর নিজেরও সুনাম, খ্যাতি হয়। ভগবান সবাইকে সব কিছু দেয় না। আর যাকে যা দেয় তাকে সেটা নিয়ে চর্চা করতে হয়। পরিশ্রম করতে হয়। 


- কথা গুলো তুমি একটুও ভুল বলো নি। কিন্তু কি বলোতো , তখন এত কিছুর সুযোগ সুবিধা ছিল না। এখন যেমন মোবাইলে সার্চ করলেই গোটা পৃথিবীকে আমরা দেখতে পাচ্ছি , বেশিরভাগ সমস্যার সমাধান খুঁজে পাচ্ছি সহজেই তখনকার দিনে যোগাযোগ ব্যবস্থা টা এত বেশি সহজলভ্য ছিল না।


- আচ্ছা, মা... আমি তো দেখেছি তুমি খুব ভালো ছবি আঁকতে পারো, সেলাই করতে পারো । কখনো মনে হয় নি এগুলোকে সঙ্গী করেই নিজের একটা পরিচয় তৈরি করবে?


- না...


- না! কেনো?


- আরে, তখন আমি জানতামই না এইসব শিল্পের কদর এতটা বেশি। আমি ভাবতাম এই ছবি আঁকা, সেলাই করা এগুলো কি এমন ব্যাপার। এগুলো তো সবাই পারে। আর একটা সময় ছিল জানোতো, প্রায় সব মেয়েরাই সেলাই এ বেশ পটু ছিল। তখন তো স্কুলেও নানারকম সেলাই শেখানো হতো। তারপর সোয়েটার তৈরি করা, মাথার টুপি, মোজা আরও কত কিছু। আমি কত কাথা সেলাই করেছি, সোয়েটার করেছি, বৌ টুপি করেছি। আসন বুনেছি। সেলাই এর কাজের অনেক কিছুই করেছি। বাবুর ছোটবেলার সব সোয়েটার আমার নিজের হাতে বোনা।


- বাহ! সৌরভ তাহলে খুব লাকি। ও তোমার হাতে মানে নিজের মায়ের হাতের বানানো জামা পড়েছে। 


- জন্য তো বৌমা, ওকে আমি বৌটুপি করেও পরিয়েছি।


- অ্যা...সেকি... ছেলেকে বৌ টুপি?


- হ্যাগো... আর বোলো না... স্কুলে বৌ টুপি বানানো শিখিয়েছিল। অন্য কিছু টুপি করা তাই শিখি নি তখনও। আর ওতো তখন খুব ছোটো। মাফলার করে দিলে তো হবে না। তাই বৌটুপিই করে দিয়েছিলাম । ওই টুপি পরে ওর তো ছবিও আছে। 


- সেকি...আমি তো দেখি নি। কোথায় আছে? আমায় আজই কিন্তু দেখাবে। 


- ঠিক আছে । সন্ধ্যে বেলা পুরোনো অ্যালবাম গুলো বের করব। তখন দেখাবো


- হ্যা, ওটাই বেস্ট সময়। কারণ তখন সৌরভ ও এসে যাবে অফিস থেকে। ওকে ভালো লেগফুল করা যাবে। 


- মা, তুমি আর কি কি করতে পারো ? আসন করা তো জানোই। আমাদের বাড়ির সব আসনই তো তোমার হাতের তৈরি। আমি শুধু দেখি আর ভাবি কত সুন্দর হাতের কাজ তোমার। নিখুঁত ডিজাইন। 


- আমি সেলাইয়ের অনেক কিছুই করেছি। জামায় ডিজাইন তোলা, তোমার শশুর মশাইয়ের মাফলার, সোয়েটার ও করে দিয়েছি। তারপর বিছানার চাদরে ডিজাইন তুলেছি। 


- বাবা! সেতো অনেক ঝক্কির কাজ। ওই হাতে সেলাই করা কাশ্মীরি স্টিচ, আরও সব ডিজাইনার বেড কভার গুলোর এখন খুব কদর। বিদেশেও ওগুলোর অর্ডার যায় । জানো? তুমি ওইরকম করেছিলে?


- হ্যাঁ...করেছিলাম তো। কিন্তু অনেকদিন আগে। সেগুলো এখন নষ্ট হয়ে গেছে। কিন্তু কিছু কিছু আমার হাতের কাজের ছবি তোলা আছে। তোমায় সন্ধ্যেবেলায় সব দেখাবো। তারপর তোমার পিসি শাশুড়ি মা, মাসতুতো বোন, আমার শাশুড়ি মা সবাইকে আমি নিজের হাতের তৈরি কিছু না কিছু জিনিস দিয়েছি। বিছানার চাদরও দিয়েছি। তোমার পিসি শাশুড়ির বিবাহ বার্ষিকীতে দিয়েছিলাম নিজের হাতের তৈরি বিছানার চাদর। উনি আজও সেটা যত্ন করে তুলে রেখেছেন। ব্যবহার করেন না।


- উনি তো ঠিকই করেছেন। অমন সুন্দর হাতের কাজের জিনিস নিজের কাছের মানুষের কাছ থেকে উপহার পাওয়া খুব সৌভাগ্যের ব্যাপার। আমি হলেও নষ্ট করতাম না। একবার বিছানায় পাততাম। হাত বুলিয়ে, ছবি তুলে আবার গুছিয়ে আলমারিতে যত্ন করে রেখে দিতাম। 


- তাই বুঝি? আচ্ছা ঠিক আছে। তোমাকেও একটা বিছানার চাদর আমি বানিয়ে দেবো সময় করে। দেখা যাক... এই বয়সে আর কতদূর কি পারি...


- তুমি এত সুন্দর বেড কভার এ ডিজাইন করতে পারো আর নিজের জন্য একটা তুলে রাখতে পারো নি? নষ্ট করে ফেলেছো? ওগুলো কেউ সবসময় ব্যবহার করে নাকি...তুলে রাখতে হয় ।


- আসলে তোমার শ্বশুরমশাইয়ের খুব শখ,  উনি আমার হাতে গড়া জিনিসপত্রই বেশি ব্যবহার করা পছন্দ করতেন। তাই আর কি... তবে একটা বিছানার চাদর রাখা আছে। ওটা ওনার ভীষণ পছন্দের। আলমারিতে রাখা আছে। ওটাই না হোক তুমি নিও...


- না মা, ওটা তোমার বানানো। আর বাবার পছন্দের। ওটা আমি কেমন করে নেবো। তুমি আমায় হাতে ধরে সেলাই করাটা শিখিয়ে দিও তো। আমি নিজেই করব। 


- তুমি সেলাই শিখবে? এখনকার দিনের মেয়েরা তো আর এসবের ধারে কাছে ঘেঁষে না। তুমি যখন শিখতে চেয়েছো আমি ভীষণ খুশি হয়েছি। আমি অবশ্যই শেখাবো।


- তোমার ধারণাটাই ভুল মা। বরং এখকার দিনে এই সেলাই এর পরিধি আরও বিশাল বাণিজ্যিক দিক থেকে স্ট্রং হয়ে গেছে। এখন হাতে বানানো ডিজাইনার শাড়ি, বিছানার চাদর, কুর্তি এসবের বিশাল চাহিদা। আর খুব ভালো দামে বিক্রি হয়। তাছাড়া উলের তৈরি ক্রুশের কাজের ও ভীষণ বাজার। জানো, এখন উল দিয়ে ক্রুশের কাজ করা ক্লিপ, হেয়ার ব্যান্ড, জুয়েলারি, মোবাইল এর ব্যাগ আরও কত কিছু বিক্রি হয়। তোমার মোবাইলে এইসব এর ভিডিও আসে না?


- কই না তো...


- আমি তো খুব বেশি মোবাইল ঘাটি না। ওই পুরোনো দিনের একটা দুটো সিনেমা দেখি ইচ্ছে হলে।


- আচ্ছা তোমায় দেখাবো ভিডিও গুলো। তুমি দেখলে বুঝতে পারবে সেলাই এর কাজের এখন কত রমরমা। তুমি আমায় শিখিয়ে দিও তো। তাহলে নিজের হাতে একটা কুর্তিতে ডিজাইন তুলব। 


- ঠিক আছে গো। শিখিয়ে দেবো। এমন কিছুই কঠিন ব্যাপার নয়। আগ্রহ থাকলেই হবে। শেখার ইচ্ছে টুকুই হলো আসল। 


- তুমি ক্রুশ কাটার কাজ জানো?


- সব জানি। তুমি শিখতে চেয়েছো যখন সব আস্তে আস্তে আমি শিখিয়ে দেবো।


- বাহ! এই তো তাহলে আমি বাড়ি বসেই কিছু একটা করার আইডিয়া পেয়ে গেলাম। এইভাবেই ঘরে বসেই এটা শিখিয়েই আমি উপার্জন করতে পারবো। 


- বেশ তো। করবে। এখন আর বেশি কথা নয়। তাহলে সকালের কাজ কর্ম করতে বেশ দেরি হয়ে যাবে। একেই শীতকাল। বেলা তাড়াতাড়ি গড়িয়ে সন্ধ্যে হয়ে যায়। সব কাজ নাহলে সামলানো যাবে না। তুমি সবজি গুলো কেটে নিও তাহলে। আমি পুজো করে এসে রান্না চাপাবো।


- হ্যাঁ, মা...আমি করে নিচ্ছি। তুমি পুজো করে এসো। তারপর একসঙ্গে জলখাবার খেয়ে। দুজনে মিলে হাতাহাতি করে দুপুরের কাজ সেরে নেবো।


- তাই ভালো । দুজনে মিলেমিশে করলে তাড়াতাড়ি কাজটাও আগিয়ে যাবে ।


সমাপ্ত






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ