- কি দেখছো?
- দেখার চেয়ে বেশি অনুভব করছি। কি সুন্দর আজকের রাতের প্রকৃতির রূপটা একটু হলেও অন্যরকম।
- হুমম...অনুভবে কি কি দর্শন করলে শুনি...
- তুমিও কান পাতো...আলতো করে হাত বাড়িয়ে বৃষ্টির ছাটের জল টা নিয়ে তাদের সাথে খেলো...টুপটাপ জলের শব্দে তোমার টুংটাং মনের ছন্দ গুলো মিলিয়ে নাও। তারপর বলো তোমার কি অনুভূতি হলো। তারপর আমি বলবো...
- ওসব তাল, ছন্দ, শব্দ এসব নিয়ে নাড়াচাড়া করার কাজ আমার নয় লেখিকা তনয়া দাস। আমি হলাম গিয়ে সাধারণ একজন ছা পোষা মানুষ। নটা - পাঁচটার চাকরি করি। মাস শেষে মাহিনা পাই। আমি এসবের মর্ম কীভাবে বুঝব বলো...
- এই কথায় কথায় লেখিকা সম্বোধন করাটা বন্ধ করো তো রাজীব...বড্ড দৃষ্টিকটূ লাগে শুনতে।
- তোমায় না মাঝে মাঝে আমি বুঝতে পারি না। বারো বছর সংসার করে, এক ছাদের তলায় থেকেও তোমার মন পড়তে পরি নি তনয়া। 'লেখিকা ' শব্দটা আজ তোমার কাছে দৃষ্টিকটূ লাগছে? অথচ দেখো...একসময় শুধুমাত্র এই সম্মানটা পাওয়ার জন্যই তুমি রাতের পর রাত কিপ্যাড এ ঘণ্টার পর ঘন্টা ধরে টাইপিং করে গেছো। শব্দের সাথে শব্দ জোড়া দিতে দিতে শব্দের মেলায় ভরিয়ে দিয়েছো। নিজেকে উজাড় করে, নিজের সব টুকু দিয়ে এক - একটি গল্প, উপন্যাস এবং তাদের চরিত্র গুলোকে নিজের মতো করে সাজিয়েছো। আর আজ...
- রাজীব...তুমি বুঝবে না। ঘরে চলো।
- কেনো বুঝবো না বলতে পারো তনয়া। বারো বছর ধরে এই একটা কথা শুনতে শুনতে আমি প্রায় পাগল হয়ে গেছি তনয়া।
- কি কথা...
- ওই যে তুমি বলো - ' ও তুমি বুঝবে না। ' এই কথাটা। কেনো বুঝবো না তনয়া? আসল কথা হলো তুমি মনের ভাব , উদারতা, ক্লান্তি, হাসি, সুখ সবটুকু তুমি নিংড়ে তোমার লেখনী সাজাও। আর আমায়...
- তাহলে কি তুমি আমার লেখা গুলোকে তোমার প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখো?
- দেখতে তো চাই না। কিন্তু এই ভাবনাগুলো ভাবতে তুমি...তোমার সত্তা আমায় বাধ্য করছে।
- আমি এখনো সেই জায়গায় পৌঁছাতে পারি নি রাজীব । যে জায়গায় পৌঁছালে মনের তৃপ্তি হবে। মানসিক শান্তি পাবো।
- আমি জানি তনয়া...আমি জানি তুমি চিরটা কালই স্রোতের প্রতিকূলে ছুটে চলো। এটা তোমার অন্তর নদীর এক বহমান চরিত্রের বৈশিষ্ট্য। তুমি কোনদিন অর্থের পিছনে দৌড়াও নি, চেনা গণ্ডির ছকে লেখো নি। নিজেকে এক অমোঘ নেশার টানে এগিয়ে নিয়ে গেছো নতুনত্বের সৃষ্টিতে। সে পথে আজ তো তুমি অনেকটাই সম্মানিত, জয়ী। তবু আজও কেনো তুমি নিজের পরিচয় দিতে এত ইতস্তত বোধ করো। লেখিকা তোমার অঙ্গে, তোমার হৃদয়ে, তোমার মননে, তোমার সর্বাঙ্গ জুড়ে লেখক সত্তার আবরণ। তুমি এই ধারায় অত্যন্ত প্রতিষ্ঠিত। তবুও...
- রাজীব...আমি এখনো অতোটাও বড়ো হয়ে যাই নি...আমার কাজ এখনো অনেক বাকি...সৃষ্টির তো সবে শুরু। এই যে ঝমঝমিয়ে আকাশ জুড়ে আজকের এই বৃষ্টির ঘনঘটা...তুমি যদি ভেবে নাও...এই প্রথম , হ্যাঁ এই আজকেই এই প্রথম পৃথিবী ভিজল প্রথম বারিধারার ছোঁয়ায়। তবে আজকেই শুরু হবে পৃথিবীর বুকে বৃষ্টিকে নিয়ে প্রথম লেখা। তুমি দেখো...বৃষ্টি কখনো চায় নি তাকে নিয়ে মানুষ রোম্যান্স করুক, দুঃখ করুক, অনুভবে মিশে যাক। সে তো চায় প্রতিটা বারই নব রূপে, নব ছন্দে পৃথিবীকে স্নান করাতে। তাকে তুমি যতই বাহবা দাও, সে তার সৌন্দর্য্যকে আরও নবরূপে মেলে ধরতে উদ্ধত। তেমন আমিও...
- কি সুন্দর তোমার মনের ভাবনা। আমার কাছে এর চেয়ে বেশি কমপ্লিমেন্ট তুমি আশা কোরো না লেখিকা তনয়া দাস। কারণ বিশেষ শব্দ গুলোর রং সাজিয়ে আমি তোমার প্রশংসা করতে আমি অপারগ। আমি একজন সাধারণ মানুষ। তবে মন খুলে হীরের কদর করতে জানি।
- তুমি মোটেও সাধারণ নয় রাজীব। আমায় নিয়ে এত গুলো বছর কাটিয়ে ফেললে...যে কেউ তো এটা পারবে না। সংসারী বউরা ঘরকন্যায় ব্যস্ত থাকে। কর্ম ব্যস্তময় বৌরাও ঘর দোর গুছিয়ে, সাজিয়ে রাখতে ভালোবাসে। সেখানে আমি যে বড্ড অগোছালো। কখনো গামছা ফেলে রাখি বিছানার মধ্যে, তো কখনো চিরুনি পরে থাকে টিভির র্যাকের উপরে। আমার মতো খাম খেয়ালি মধ্য বয়ষ্কা মহিলাকে এত বছর সহ্য করে আছো ...তুমি কোনো সাধারণ পুরুষ নয় বৎস। তুমি এক অচিন পুরের মানব পুত্র। যে আজও এই ব্যস্তময় জীবনে সুন্দরের মহিমা গাইতে জানে। নিজের বউয়ের কাজকে সম্মান করে।
- যে কাজের মাধ্যমে সমাজের হাজার হাজার মানুষের ভালোবাসা লুটে নেওয়া যায়, মন জয় করার যায়। সেই কাজের কদর না করে, কি করে থাকি বলো?
- আচ্ছা ঠিক আছে। আর আমার জয়গান করতে হবে না। রাত হলো খাবে চলো।
- না...আর কিছুক্ষণ থাকো তনয়া। ফোঁটা ফোঁটা জলবিন্দু জমে তোমার চোখে মুখে এক অন্যন্য লাবণ্য ফুটে উঠেছে। তোমায় একটু স্পর্শ করতে দাও... আমি শুধু...
- প্লিজ , রাজীব...আশেপাশের বাড়ি থেকে কেউ দেখে ফেলবে...পাগলামি কোরো না
- পাগলামি আমি করি নি তনয়া। বৃষ্টি আমায় রোমান্টিক হতে বাধ্য করেছে।
- তাই বুঝি?
- হুমম, তনয়া। আমি তোমায় বুঝতে চাই তনয়া। তোমার মনের গ্লানি, হাহাকার, সমস্ত দুঃখ ঘুচিয়ে তোমায় ভালোবাসায় ভরিয়ে দিতে চাই।
- রাজীব...ওই বইটায় আমার কষ্ট, দুঃখের কথা লেখা নেই...আমি এক মনস্তত্ত্বের বিশ্লেষণ করেছি কেবল মাত্র। এই বইয়ের জন্য যে ভালোবাসা আমি পেয়েছি তাতে আমি ভীষণ আপ্লুত রাজীব। এতে শুধু আমার কথা লেখা নেই...আছে হাজার হাজার নারী মনের চুপকথা।
- তুমি অস্বীকার করতে পারো তনয়া, বইটার একটা লাইনেও কি তোমার জীবনের কাহিনী নেই?
- তুমি কবে থেকে বই প্রেমিক হলে রাজীব? কি করে জানলে এই বইটির সারমর্ম? তুমি তো কখনো সাহিত্যকে এতটা গুরত্ব দাও নি?
- যেদিন থেকে তোমার মন কেমনের গল্প গুলো পাঠক হৃদয়ে ঝড় তুলে দিয়েছে, সেদিন থেকে আমাদের দাম্পত্য জীবনেও ধরে নাও একটা সন্দেহের পাহাড় গড়ে উঠেছে নিঃশব্দে।
- রাজীব? তুমি এত অবুঝ আমি জানতাম না।
- অবুঝ নয় তনয়া। আমি অবুঝ নয়। নিজের জীবনের খামতি গুলোই কলমের ডগায় কাটা হয়ে সাদা পাতায় রাঙিয়ে যায়। যার প্রতিফলন ঘটেছে তোমার সদ্য প্রকাশিত বহুল আলোচিত , প্রসংশিত সেই বইয়ে।
- না রাজীব ... তা নয়...ও তুমি বুঝবে না।
- সেই এক কথা তোমার... ঘুরিয়ে ফিরিয়ে সেই একই কথা তোমার , আমার জন্য বরাদ্দ করা আছে।
- ওই তো তুমি বুঝবে না বলেই বারবার বলতে হয়, আমি লেখনীর সৃষ্টি করি, চরিত্রের জন্ম দিই, মানুষের ছোটো ছোটো আবেগ গুলোকে গুরত্ব দিয়ে কলমের আঁচরে বই এর মলাটের মধ্যে আবদ্ধ করি। এটা আমার একটা প্যাশন রাজীব। এটাকে শুধু এভাবে ভাবতে শেখো।
- ঠিক আছে। তবে তাই হোক। আজ থেকে আমি ভেবেই নিলাম , তনয়া দাস কে আমি এক ঘরে, এক ছাদের তলায় যেমনটা হাসি খুশি দেখি আমার সাথে সে আসলে ভিতর থেকেও আমায় পেয়ে এটাই তৃপ্ত।
- ঠিক তাই রাজীব। আমি তোমায় স্বামী হিসাবে পেয়ে ধন্য। তুমি যদি না আমার পাশে থাকতে তবে আমার আর লেখিকা হয়ে ওঠা হয়তো হতো না।
- অবশেষে নিজকে তাহলে লেখিকা হিসেবে মানলে বলো?
- মানে?
- এই যে এই মাত্র তুমি বললে, আমি না পাশে থাকলে তোমার লেখিকা হয়ে ওঠা হতো না...
- হ্যাঁ মানলাম। নাও...
- আমি জানি ...
- কি?
- তোমার নামের আগে লেখিকা শব্দটা আজকাল চারিদিকে খুব ব্যবহার হচ্ছে। এতে তুমি একটু লজ্জা পাও। কি তাই তো?
- ধ্যাৎ...
- হয় ...হয়...প্রথম প্রথম একটু অমন হয়।
সমাপ্ত
0 মন্তব্যসমূহ