প্রেম মানে কি শুধুই ব্যর্থতা? নাকি ঘুরে দাঁড়ানোর এক অদম্য লড়াই

 - প্রতিশোধ বড়ো ভয়ংকর জিনিস। ছেড়ে দে। ভুলে যা ওকে। 


- সব কিছু ভুলে যাওয়ার জিনিস নয় রে তিতলি। এত সহজে ভুলে যেতে বলছিস? কিন্তু এই ঘটনাটা যদি তোর জীবনে ঘটতো তুই কি ভুলতে পারতিস? প্রতিহিংসা পরায়ন হয়ে উঠতিস না?


- প্রতিহিংসা প্রকাশ করার ও অনেক রাস্তা আছে। সোজা পথে নয়...তুই এর প্রতিশোধ নিবি অন্যভাবে। তার জন্য তোকে অনেক কিছু সহ্য করতে হবে। ধৈর্য্য ধরতে হবে। আর সময়...সময়ই এর যোগ্য জবাব দেবে।


- সেটা কিভাবে সম্ভব? মানে তুই কি বলতে চাইছিস আমি তোর কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না।


- আগে চোখের জল মোছ, মনটা শক্ত কর। তারপর বলছি। আমি তোকে প্রথমে বললাম প্রতিশোধ নেওয়ার দরকার নেই। আসলে আমি তোর মধ্যে যে বিবর্তনটা দেখতে চাই এটাকে একদিক থেকে তোর নবজন্ম বলা যেতে পারে, আবার অন্যদিকে প্রতিহিংসার প্রতিশোধ ও বলতে পারিস। শুধু একটাই অনুরোধ তোর কাছে, রাগের মাথায় কোনো হঠকারী সিদ্ধান্ত নিস না। যাতে লোকের কাছে বিদ্রুপের অথবা দোষী সাব্যস্ত হোস। 


- তুই কি বলতে চাইছিস খোলাখুলি বল তিতলি। আমার এখন কিচ্ছু ভালো লাগছে না। মনের অবস্থা খুব খারাপ। জানিস তো, যতই আমি মুখে বলছি আমি স্ট্রং, আমি সব কিছু ভুলে যাবো। কিন্তু বার বার আমার মন বলছে একটু একলা থাকতে। অন্ধকার ঘরে বসে হাউ হাউ করে কেঁদে নিজের কষ্টটা একটু কমাতে। মানুষের জীবনটা কত কষ্টের বল? একটু মন প্রাণ খুলে কাঁদবো সেই উপায়ও আমার নেই। 


- তোর কষ্ট হলে তুই কাদ। তবু ভুল কোনো সিদ্ধান্ত নিস না। গরিব হয়ে জন্মানো, গরিব ঘরে জন্মানো কোনো পাপ নয়। এটা তোকে প্রমাণ করে দিতেই হবে। আজ তোর ফ্যামিলি স্ট্যাটাস দেখে সৌরভ এর বাড়ি থেকে তোর আর তোর সম্পর্কটা মেনে নিল না। এটা ঠিক না। এটা যে শুধু তোর সাথে ঘটেছে এমনটা কিন্তু নয়। অনেক অনেক প্রেমিক - প্রেমিকার মনের আশা, স্বপ্ন, ভালোবাসা এভাবে ভেঙে গেছে। সম্পর্কের ইতি টেনে তারাদের দোতারার সুতো ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। শুধু তুই একাই এই অপমানের , অবহেলার, যাত্রী নয়। সৌরভের বিয়ে যেখানে ঠিক হয়েছে হোক। সেটা পণ্ড করার চেষ্টা মানে তোর এটা একটা অপরাধ। আমি জানি তোর ভীষণ কষ্ট হচ্ছে। কিন্তু তবুও তোকে বলবো হাসি মুখে ওর সুখটা মেনে নে। মনে মনে ওদের আশীর্বাদ কর। ওরা যেন সুখী হয়। দেখিস তুই এতে ওপরওয়ালার কাছ থেকে অনেক বেশি ব্লেসিং পাবি। 


- ঠিকই বলেছিস। এক জনমে সবাই সুখী হতে পারে না। আমিও এক হতভাগী। জানিস, ভগবানকে বলবো মনের মানুষটার সাথে যখন আমায় সংসার করার সুযোগ দিলেই না, তখন পরজন্মে অন্তত আমায় বড়লোক ঘরে জন্ম দিও। নিজের ভালোবাসার মানুষের হাতে হাত রেখে যেনো মরতে পারি। এমন জীবন যেনো আর না দেন। 


- তোর কপাল অনেক ভালো রে রাখি। তুই অন্ধকার ঘরটার দিকেই কেবল তাকিয়ে আছিস। তাই আলোঝলমলে রাজপ্রাসাদের ঝলকানি তোর চোখ এড়িয়ে যাচ্ছে।


- আমার জীবনে কোনো আলো, কোনো রং, কোনো উৎসব আজ থেকে রইলো না রে তিতলি। ভালোবাসা মহাপাপ। আর সেই পাপটাই আমি করেছি। ভগবান একদিক থেকে ঠিকই করেছেন বুঝলি তো, বামন হয়ে চাঁদে হাত বাড়াতে গিয়েছিলাম কিনা... একদম ঠিক সময়ে মোক্ষম শাস্তিটা পেয়েছি। 


- তোকে হাজার বোঝালেও তোর মন এখন বুঝবে না। তবু বলছি কলেজের ফাইনাল ইয়ারের পরীক্ষাটা ভালো করে দে। দেখবি জীবনে যা চাইবি তাই পাবি। 


- ওহ তাই নাকি? তাহলে আমি যদি এই ইয়ারের পরীক্ষাটা খুব ভালো দিই আমার ভালোবাসা আমি ফিরে পেয়ে যাবো?


- হান্ড্রেড পার্সেন্ট পাবি। আমি তোকে কথা দিচ্ছি। 


- আমার সাথে সাথে তোর মাথাটাও দেখছি খারাপ হয়ে গেছে তিতলি। 


- কিচ্ছু খারাপ হয় নি। তুই এই পরীক্ষাটায় দারুণ একটা রেজাল্ট করে দেখা...দেখবি তুই জীবনে যা যা চাস সব পাবি।


- আরে, মাথামোটা সৌরভের বিয়ে আর মাত্র তিন মাস বাকি। এরই মধ্যে কি এমন পরিস্থিতি বদলাবে যে আমি আমার ভালোবাসাকে ফিরে পাবো?


- তুই একবার আমায় ট্রাস্ট করে দেখতে পারিস রাখি। আমি তোকে কোনো ভুল কথা বলছি না। এটা তোকে মন ভোলানোর মত কোনো উপদেশ আমি দিচ্ছি না। আমি তোকে ঠিক বলছি নাকি ভুল বলছি সময়ই তার উত্তর দিয়ে দেবে। 


- আচ্ছা, ঠিক আছে। আমার মনের যত কষ্টই হোক, তবু তোর কথাকে সত্য মনে করেই আমি প্রচুর খাটবো এবারে। দেখা যাক কী হয়। 


- হ্যাঁ...এবার মাথা থেকে আলতু ফালতু চিন্তা ছেড়ে পড়ায় মন দে।


.......................................


- কিরে, রাখি প্রিপারেশন কেমন? পরীক্ষা তো আর মাত্র পাঁচদিন বাকি।


- অলমোস্ট সব কমপ্লিট। আর আমি খুব কনফিডেন্স ফিল করছি। 


- বাহ! এটাই তো চেয়েছিলাম। বেস্ট অফ লাক রাখি। 


- কিন্তু তিতলি একটা কথা জিজ্ঞাসা করব?


- তুই কি জিজ্ঞাসা করবি আমি জানি। আমি শুধু উত্তরটা বলে দিই তুই মিলিয়ে নিস - হ্যাঁ তোর ভালোবাসার মানুষটা তোরই হবে। আর অন্য কারো নয়। তিন সত্যি করে বললাম। 


- কিন্তু সৌরভের বিয়ে আর তো মাত্র এক সপ্তাহ দেরি।


- ওসব বাদ দে...তুই পড় মন দিয়ে।


......................................


- রাখি, আজকে একবারও আমায় ফোন করলি না যে?


- তুই তো জানিস আমার এখন পরীক্ষা চলছে। ফোন করার সময় পাই নি। কিছু কি দরকার?


- না, তেমন কিছু না। শুধু....


- শুধু কি বল?


- আজ তোর সৌরভের বিয়ে তুই নিজেই ভুলে গেছিস?


- হ্যা রে...একদম ভুলে গিয়েছিলাম ।ভাগ্যিস মনে করিয়ে দিলি। ওকে পারলে তুই জানিয়ে দিস তিতলি...বলিস ওর আগামী দিনের জন্য শুভেচ্ছা বার্তা জানিয়েছি আমি। 


- বেশ, কিন্তু তুই আমায় দোষারোপ করবি না?


- তোকে কেনো আমি দোষারোপ করবো তিতলি? কিসের জন্য?


- ওই যে তোকে মিথ্যে বলেছিলাম , ভালো করে ফাইনাল পরীক্ষা দিলেই তুই ভালোবাসা ফিরে পাবি? মনে নেই?


- মনে আছে তো। খুব মনে আছে। তোর জন্যই তো আমার ভালোবাসা আবার ফিরে পেলাম।


- ভালোবাসা ফিরে পেলি?


- হ্যাঁ 


- কি করে?


- পড়াশোনাটা কে ভালোবেসে। যাকে দূরে সরিয়ে রেখেছিলাম সে আবার ফিরে এলো। একে ভালোবেসে দেখলাম জীবনে অনেক অনেক সুখে থাকতে পারবো। এর হাত ধরে যদি সামনের দিকে এগিয়ে যাই আমার সারাজীবন কোনো দুঃখ থাকবে না। একটা জিনিস এই কয়েকদিনে বুঝলাম  পড়াশোনা, অধ্যবসায়, ক্যারিয়ার, এদের ভালোবাসলে এরা কখনো ধোঁকা দেবে না।


- আর সৌরভকে ভালোবাসিস না?


- না, যেখানে ভালোবাসা নেই, শুধু বিশ্বাসঘাতকতা আছে সেখানে আমিও নেই। সৌরভকে বলে দিস , রাখি বলেছে - ' যা পাখি উড়তে দিলাম তোকে...খুঁজে নে অন্য কোনো বাসা...আমি আজ পেয়ে গেছি সর্বসুখের ভাষা '।


সমাপ্ত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ