- হ্যালো, কে বলছেন?
- মনি মা... মা রে কেমন আছিস মা? বুড়ো বাপ টার কথা একবারও কি মনে পড়ে না তোর?
- এটা আপনি রং নম্বরে ফোন করেছেন কাকু।
- রং নম্বর?
- হ্যাঁ। রাখছি।
- ফোনটা কেটে দিও না। বলছি দুটো কথা বলা যাবে তোমার সাথে?
- আমার সাথে? কিন্তু আমি তো আপনাকে চিনি না... তাছাড়া আমি এখন ভীষণ ব্যস্ত। অফিস যাওয়ারও তাড়া আছে। বেশ... কি বলবেন তাড়াতাড়ি বলুন।
- রাগ করো না মা... বেশি সময় নেবো না মাত্র দুটো মিনিট।
- কি বলবেন বলুন...
- আসলে কী জানো তো আমার তো বয়স হয়েছে, তাই কেউই আমার সাথে কথা বলে না। নিজেকে খুব নিঃসঙ্গ মনে হয়। বাড়িতে ছেলে, বৌমা নাতনি সবাই আছে। কিন্তু সবাই যে যার কাজে ব্যস্ত। কারোরই দু দণ্ড সময় নেই যে একটু আমার সাথে সময় কাটাবে। আমার মেয়ে নাম মনি। ও ব্যাঙ্গালোরে থাকে। বড়ো ইঞ্জিনিয়ার। মোটা টাকা মাইনে পায়। সেখানে অনেক বড় ফ্ল্যাট কিনেছে। কিন্তু এই বুড়ো মানুষটাকে কয়েকদিনের জন্য নিয়ে যাওয়ার মতো তার নাকি সময় নেই। এতই ব্যস্ত...
- ওহ ! আপনি বুঝি আপনার মেয়েকে ফোন করতে গিয়েই...
- হ্যাঁ মা, বয়স হয়েছে তো, ফোনের নম্বর গুলো ঠিকঠাক টিপতে পরি না। একটা নম্বর গণ্ডগোল হলেই তো ফোন অন্য জায়গায় চলে যায়। ঐভাবেই তোমার কাছে চলে গেছে। কিছু মনে করো না মা।
- না না... কিছু মনে করি নি। আচ্ছা, কাকু আপনি কোথায় থাকেন?
- আমি ... আমি থাকি নদীয়া জেলায়...
- সে তো অনেকদূর।
- তুমি কোথায় থাকো মা...
- আমি তো কলকাতায় থাকি...
- বাহ! খুব ভালো। তা কি কাজ করো তুমি? অসুবিধা থাকলে বলতে হবে না।
- নানা... অসুবিধা আবার কিসের... তাছাড়া আপনার সাথে কথা বলতে আমার বেশ লাগছে.. আমি একটা এন জি ও তে চাকরি করি।
- খুব ভালো... আর কি বললে...আমার সাথে নাকি কথা বলতে তোমার ভালো লাগছে? কথাটা শুনে আমার চোখে জল চলে এলো জানো তো... আসলে আমার সাথে বাড়ির কেউ সেভাবে বিশেষ কথাই বলে না। তাদের সময় কোথায়... আমি তো একজন আগাছা...
- ও ভাবে বলবেন না কাকু... ওনারা হয়তো সত্যিই ভীষণ ব্যস্ত।
- ব্যস্ত তো তুমিও... তুমিও তো অফিস যাবে বলছিলে... তোমায় তো আমি লেট করিয়ে দিলাম। আমি বরঞ্চ রেখে দিই। তোমার অসুবিধা হোক এটা আমি চাই না।
- সত্যি কথা বলতে কী... ব্যস্ত তো আছিই। তবুও ম্যানেজ করে নিতে পারব। আসলে অফিস বেরোনোর আগে আমাকেই ঘরের সমস্ত কাজ বাজ করে তারপর বেরোতে হয়। তাই আর কি... অসুবিধা কিছু তেমন হচ্ছে না। আমি কানে হেডফোন শেড করে নিয়ে কাজ করছি। আর আপনার কথা শুনছি।
- কানে কি শেড করেছো বললে?
- হেডফোন গো কাকু... হেডফোন। কেনো কাকু আপনার নেই?
- না ওসব নেই। আমাকে এই একটা ছোটো ফোন দিয়েছে ওরা... এতেই আমার কাজ চলে যায় ।
- কে দিয়েছে আপনাকে ফোন? আপনার মেয়ে নাকি ছেলে?
- ছেলেই দিয়েছে। আগের বছর বাথরুমে পড়ে গিয়ে পা ভেঙে গেলো। সেই থেকে আর বাড়ির বাইরে যেতেও পরি না। সারাদিন ঘরের ভিতর থেকে থেকে দম বন্ধ হয়ে আসে। কষ্ট হয় খুব। কান্না পায়।
- কাকু ... যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞাসা করব?
- হ্যাঁ বলো মা...
- বলছি কাকিমা কি আপনার সাথে থাকেন না?
- না... মা... উনি আমাকে একা করে চিরতরে চলে গেছেন, এই পৃথিবী থেকে। উনি বেঁচে থাকলে হয়তো আমার জীবনটা এতোটা নিঃসঙ্গতায় কাটতো না। যাক গে আমার কথা। এতক্ষণ তো তোমার সাথে কথা বলছি কিন্তু তোমার নাম খানাই তো জানা হলো না।
- আমার নাম পূজা... পূজা বিশ্বাস। আমিও আপনার মতো খুব একলা ...জানেন তো কাকু। কিন্তু আপনার সাথে আমার জীবনটার একটু পার্থক্য আছে। আসলে আমার মা, বাবা কেউই বেঁচে নেই। আর আমার আপন বলতে কোনো আত্মীয়ই নেই। কিন্তু বিশ্বাস করুন কাকু আমার কিন্তু একটুও নিজেকে একা ফিল হয় না। কারণ বাইরের জগৎ টাই আমার একটা আপন সংসার। সেই সংসারের সকল সদস্যরা আমায় খুব ভালোবাসে। খুব সম্মান করে। আর আমিও তাদের পেয়ে খুব খুশি। তাই ওদের টানেই আমি বারবার ছুটে যাই। এই বদ্ধ ঘরে থাকতে মন চায় না। সকাল হলেই ব্যস্ত হয়ে পরি কখন সেখানে যাবো...
- কোথায়... কোথায়... আছে এমন বিশ্ব সংসার? যেখানে অনাবিল আনন্দ আছে, মানুষের সাথে মানুষের সখ্যতা আছে, নির্মল হাসি আছে, মানুষের জন্য মানুষের অল্প হলেও নিখাদ সময় আছে... কোথায় আছে বলো মা...বলো।
- আছে তো... আপনি যাবেন সেখানে কাকু? ওখানে আপনার মতোই অনেক বয়স্ক কাকু, কাকিমা, ঠাম্মা, দাদুরা থাকেন। আর আমরা তাদের দেখাশোনা করি।
- সেটা কোথায় পূজা মা? আমায় নিয়ে যাবে? আমি যাবো...
- নিশ্চই নিয়ে যাবো। সেটা তো কলকাতায়। আমি তো ওখানেই কাজ করি। আপনি যদি ওখানে যেতে চান তাহলে আপনার বাড়ির কারোর সাথে কথা বলে আমাদের পারমিশন নিতে হবে।
- কারো পারমিশন এর পরোয়া করি না আমি। আমার অভিবাবক আমি নিজেই।
- এটা আপনার অভিমানের কথা কাকু... বয়স বাড়লে বাবা, মায়েরা ছোটো হয়ে যায়। আর সন্তানরা অভিবাবক হয়ে যায়। আপনার ভালো মন্দের দায়িত্ব এখন আপনার সন্তানদের হাতে। ওনারা আপনার ভালোর জন্য যেটা সিদ্ধান্ত নেবেন ওটাই তো ঠিক তাই না...
- ওরা আমার ভালো মন্দের ধাত ধারে না। চার বেলা খেতে পড়তে দিলেই যদি মানুষ ভালো থাকতো তাহলে আর মানসিক বিকারগ্রস্ত রুগীর বার বাড়ন্ত হতো না চারিদিকে।
- আপনি কিন্তু এটা খুব বাস্তব কথাই বলেছেন। আচ্ছা কাকু ... আমি আপনার মানসিক অবস্থাটা বুঝতে পারছি। আমি অবশ্যই আপনার বাড়ির সদস্যদের সাথে কথা বলে অন্তত একসপ্তাহের জন্য আমাদের আশ্রমে নিয়ে যাবো। ওনাদের রাজি করানোর দায়িত্ব আমার উপর ছেড়ে দিন কাকু... আমি ঠিক রাজি করিয়ে নেবো।
- একসপ্তাহ নয় পূজা মা... আমি আর যে কদিন আছি ওখানেই শান্তিতে থাকতে চাই।
- আচ্ছা... ঠিক আছে। আগে এক সপ্তাহ এখানে এসে দেখুন কেমন লাগে... মানিয়ে নিতে পারবেন কিনা... তারপর নাহয়..
- আমার কোনো অসুবিধা হবে না মা, প্লিজ আমায় ওখানে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করো।
- আচ্ছা... ঠিক আছে কাকু। আমি অবশ্যই করব। কিন্তু এবার আমার সত্যিই খুব দেরি হয়ে যাচ্ছে। আমায় এবার বেরোতে হবে। আমি আপনাকে আবার সন্ধ্যার সময় ফিরে এসে কল করবো কেমন? আপনি ধরবেন তো...
- হ্যাঁ মা.. হ্যাঁ মা.... আমি অবশ্যই ধরব। আমি সারাদিন তোমার জন্যই অপেক্ষায় থাকবো। তুমি সাবধানে এসো কেমন ...
- আচ্ছা, ঠিক আছে। আর আপনিও সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করুন। আমি ফিরে এসেই আবার আপনার সাথে গল্প করব।
- ঠিক আছে পূজা মা।
সমাপ্ত
0 মন্তব্যসমূহ