বুড়ি পোড়ানো : ঐতিহ্যের আলোয় দীপাবলি

 - ও মা..আমি কিন্তু আজ বুড়ি পোড়াতে যাবো।


- সেটা আবার কি? আমি জানি না। আর তোকে যেতেও হবে না।


- তুমি এত বড়ো হয়ে গেলে এখনো বুড়ি পোড়ানো কি সেটা তুমি জানো না? 


- না জানি না। কি রে ব্যাপারটা?


- আজ তো কালী পুজো। আর আজকের দিনে সন্ধ্যে বেলা বুড়ি পোড়াতে হয়। আমি পাড়ায় খেলতে গিয়েছিলাম ওরা সব বললো যে, সন্ধ্যে বেলায় আবার আসবি। সবাই মিলে বুড়ি পোড়াবো।


- ও আচ্ছা...এবার মনে পরেছে। বেশ কয়েকবার ওই কালীপুজোর সময় ছাদে মোমবাতি জ্বালাতে উঠে দেখেছিলাম, চতারার পুকুরের পাড়ে ছোটো ছোটো ছেলে মেয়েরা বড়ো পুতুল মতো আকারের গড়ে আগুন ধরাচ্ছিল। আর খুব আনন্দ করছিল। তোর বাবাকে জিজ্ঞেস করতে অবশ্য বলেছিল - ওটাকে বুড়ি পোড়ানো বলে। আজকের দিনে এটা করতে হয়। তুই তো তখন ছোটো ছিলিস তাই পাঠাই নি।


- এবছর কিন্তু আমি নয় বছর হয়ে গেছি মা। এবারে কিন্তু আমি যাবোই যাব। তুমি বারণ করবে না। আমার সব পাড়ার বন্ধুরা ওখানে থাকবে। আমাকেও যেতে বলেছে।


- আচ্ছা ঠিক আছে। তোর বাবাকে বলব তোকে ওখানে একবার দিয়ে আসতে।


- না, সোনা...তুই একা সন্ধ্যেবেলা যাবি না। বিকেল বেলা খেলতে যাস ঠিক আছে। কিন্তু অন্ধকারে তোকে একা ছাড়বো না।


- অন্ধকার কোথায় মা? রাস্তায় তো কালীপুজোর আলো আছেই। আর আমি তো এখন বড়ো হয়ে গেছি।


- বড়ো হয়ে গেছো ভালো কথা। কিন্তু বীর পুরুষ হয়ে যাও নি। তুই কুকুর দেখলে ছুটিস। তুই বাইরে থাকলে আমার মনটা কেমন করে। তোকে তো যেতে বারণ করছি না। শুধু বলছি তোর বাবা গিয়ে দিয়ে আসবে।


- আচ্ছা...ঠিক আছে। কিন্তু মা, তুমি এই বুড়ি পোড়ানো ব্যাপারটা আগে জানতে না কেনো? তোমরা কি ছোটো বেলায় পোড়াও নি?


- না রে...সোনা। আমার বাবার বাড়ির এলাকায় এটা হতো না। আর এখানটা তো একটু গ্রাম্য এলাকা তাই এখানে এখনো পুরোনো দিনের রীতি নীতি বজায় আছে। আমাদের উচিত এই ধারা প্রজন্মের পর প্রজন্ম এগিয়ে নিয়ে যাওয়া। আসলে এটা একটা আমাদের ঐতিহ্য। শহুরে এলাকায় এগুলো আজকাল আর বড়ো দেখা যায় না। কিন্তু এইগুলোর অস্তিত্ব টিকিয়ে রাখা খুব জরুরি।


- জানো মা...ওরা বলছিল বুড়ি পোড়ানো সময় আবার একটা ছড়া বলতে হয়। আমি শিখে এসেছি।


- তাই নাকি...আমি জানি না তো...বেশ ইন্টারেস্টিং তো ব্যাপারটা... কই বল দিখি শুনি। কেমন শিখে এসেছিস দেখি?


- অজরে, বজরে যা কিছু বালা , পুড়ে ছাড়খাক হোক জঞ্জলা।


- বাহ! তুই তো ভালোই শিখেছিস।


- ওটা কি করে তৈরি হয় জানো মা?


- না রে...


- ওই তো, শুকনো পাতা, ঘাস, পুরোনো সাইকেলের টায়ার জঞ্জাল এইসব দিয়ে। আমিও তো ওদের সাথে তৈরি করছিলাম।


- তুই তাহলে ভালোই পাকা পোক্ত হয়ে গেছিস।


- হ্যাঁ মা...তুমি বাবাকে বলবে আমাকে ওখানে দিয়েই চলে আসতে। আবার কিছুক্ষণ পর এসে নিয়ে যেতে।


- কেনো রে...তোর বাবা থাকলে ওখানে তোর বুঝি হুড়োহুড়ি করতে অসুবিধা হবে?


- বাবা তো ছুটোছুটি করতে দেবে না ।


- আগুনের সামনে ছুটোছুটি, হুড়োহুড়ি কেউ করে? 


- ওই দেখো মা, ওরা ডাকতে চলে এসেছে। আমি যাবো?


- এই এখন তো সবে বিকেল বেলা। 


- এখন তো আমরা একটু ক্রিকেট খেলবো, সাইকেল নিয়ে ঘুরবো। তারপর সন্ধ্যে বেলা তো ওটা করব। 


- সারাদিন আজ তাহলে তোর খেলা আর খেলা? 


- হ্যাঁ..আজ তো ছুটির দিন। কালি পুজো। আজকে আবার কেউ পড়তে বসে নাকি? মা কালী কিন্তু খুব রাগী। আজ ওনার পুজো। পড়তে বসলে খুব রেগে যাবে ।


- তবে রে...দুষ্টু কোথাকার। আচ্ছা যা...খেলে আয়। তাড়াতাড়ি আসবি। এসে কিছু খেয়ে তারপর বুড়ি পোড়াতে যাবি। না খেলে যেতে দেব না। 


- আচ্ছা...ঠিক আছে । আমি এখন আসলাম। 


- ছেলেটা সারাদিন আজ খেলতে, ঘুরতেই ব্যস্ত। পড়াশোনার নাম গন্ধ নেই। 


- মা, আমি এতক্ষণ খেলে চলে এলাম। তুমি এখনো আমার পড়াশোনা নিয়ে ভাবছো। সেই থেকে তাহলে শুধু আমাকে নিয়েই ভেবে যাচ্ছ।


- কি করে বুঝলি?

-  তুমি তো কাজ করতে করতে, নিজের মনেই বলে যাচ্ছ  শুনতে পাচ্ছি,-  ছেলেটার পড়ার নামগন্ধ নেই।


- ওতো পাকাপাকা কথা বলতে হবে না। বাবা বসে আছে। তুই তাড়াতাড়ি হাত, পা ধুয়ে এই রুটি আলুভাজাটা খেয়ে তারপর আবার যাবি। 


- রুটি , আলুভাজা? এই সন্ধ্যে বেলায় রুটি, আলুভাজা খাবো কেনো? দুধ বিস্কুট দাও খেয়ে নিই।


- না ...আমি যখন তোর কথা শুনে তোকে বুড়ি পোড়াতে যেতে দিচ্ছি, তোকেও আমার কথা শুনতে হবে। এটা না খেলে যেতে দেব না।


- এটা খেতে অনেক দেরি লাগবে।


- কিচ্ছু দেরি লাগবে না। আমি খাইয়ে দিই আয়। তাহলে তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে ।


- দাও তাহলে। 


- হা কর...এই দেখ সোনা ...তোর বাবাকে জিজ্ঞাসা করছিলাম আজকের দিনে বুড়ি কেনো পোড়ানো হয়। তুই জানিস?


- না... কেনো পোড়ানো হয় জানি না। কেনো গো?


- বলছি। আগে আর একবার মুখে নে।


- আগে জল দাও। খেতে পারছি না। গিলতে পারছি না।


- খেতে খেতে জল খাওয়া ঠিক নয় সোনা। তোকে অনেকবার বারণ করেছি। 


- কিন্তু রুটি, আলুভাজা গিলতে কষ্ট হচ্ছে তো?


- তুই তো তাড়াতাড়ি করছিস... যাবি বলে। তাই জন্য গলায় বেশি আটকাচ্ছে। আস্তে আস্তে খেলে লাগবে না। 


- একবার জল খাই। তারপর এখন আর খাবো না।


- আচ্ছা...খা।


- এবার বলো। কেনো বুড়ি পোড়ানো হয়?


- তোর বাবা বলল, আজকের দিনে নানারকম অশুভ শক্তিকে তারিয়ে শুভ শক্তিকে আগমন জানানোর জন্য এই বুড়ি পোড়ানো হয়। অর্থাৎ বর্ষার শেষে এখন শীতের আগমন। এই সময় গাছের পাতা শুকিয়ে যায়। মূলত জঞ্জাল পরিষ্কার করার জন্য ওসব পোড়ানো হয়। এটিই বুড়ি পোড়ানো নামে পরিচিত। আসলে এর মাধ্যমে আমাদের পরিবেশটা পরিষ্কার করা হয়ে যায়।


- দারুণ আইডিয়া তো এটা।


- হ্যাঁ। সত্যিই আগে কার মানুষরা যা রীতি নীতি করে গেছেন প্রত্যেকটির পিছনেই একটি বাস্তব বৈজ্ঞানিক ভিত্তি আছে। তাই এগুলো মেনে চললে আমাদের সমাজের জন্য খুব উপকার হবে।


- তাহলে কিন্তু মা, আমি প্রতি বছর এই বুড়ি পড়াবো।


- আচ্ছা, ঠিক আছে। গল্প করতে করতে তোকে খাওয়ানোও হয়ে গেলো। এবার ঘুরে আয়। এসে আমরা আবার একসাথে বাজী পড়াবো। বাতি জ্বালাবো। আবার কালী ঠাকুর ও দেখতে যাবো।


- কি মজা...আজ সারাদিনই আনন্দ আর আনন্দ।


- আমি তাহলে আসছি মা।


- হ্যাঁ আয়। 


- কি হলো আবার ফিরে এলি।


- তোমায় একটা কথাই বলা হয় নি।


- কি?


- শুভ দীপাবলি মা...


- ওলে বাবারে...আমার সোনাটা কত বড় হয়ে গেল।


- তোকেও শুভ দীপাবলি সোনা...তোর জীবনটাও হাজার হাজার আলোয় আলোকিত হোক। এই কামনা করি। 


সমাপ্ত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ