( স্বামী ও স্ত্রী এর মধ্যে টাকা পয়সা নিয়ে দুষ্টু মিষ্টি ঝগড়া, অভিমান অনেক এরই হয়। তাই নিয়েই আজকের কথোপকথন।)
- কোনো কারণ ছাড়াই আমায় এভাবে দোষারোপ করতে পারো না তুমি ইন্দ্র...
- তাহলে টাকা গুলো কোথায় যাচ্ছে বলো...ওগুলোর কি হাত পা গজিয়েছে?
- তোমার টাকা তুমি কোথায় রেখেছো...না রেখেছো তুমিই জানো। আমি দেখি নি।
- আমি তো গত কাল রাতেই বিছানার নিচে রেখেছিলাম। তাহলে টাকা গুলো কোথায় যাবে?
- এই শোনো...তোমায় আগেও বলেছি আর এখনো বলছি আমি ওই টাকা ছোঁয়া তো দূর... চোখেও দেখি নি। কাউকে চোর অপবাদ দেওয়ার আগে দশ বার ভাববে। বুঝলে...
- আমি তো তোমায় একবারও বলি নি রিয়া, যে টাকা গুলো তুমি নিয়েছো। আমি শুধু জিজ্ঞাসা করেছি টাকা গুলো খুঁজে পাচ্ছি না। তুমি দেখেছো কি?
- একদম কথা ঘোরাবে না ইন্দ্র। তোমার কথা বলার টোন টাই ছিল সন্দেহজনক...তোমার হাবভাব দেখেই বোঝা যাচ্ছে তুমি আমার দিকেই আঙুল তুলছো।
- এই শোনো ...তোমার সাথে অশান্তি করার আমার এখন বিন্দুমাত্র সময় কিম্বা ইচ্ছে নেই। আমি অফিস বেরোবো। খেতে দাও।
- দিচ্ছি...সংসারে খেটেও মরবো আমি...আর অপবাদ ও শুনবো আমি। বেকার হওয়ার এই জ্বালা জানো তো...তুমি এই কষ্টের মর্ম বুঝবে না। আজ তোমার আর তোমার ছেলের জন্য সর্বস্ব করে নিজের ক্যারিয়ার , ভবিষ্যৎ জলাঞ্জলি দিয়েছি। তার প্রতিদান তো এইরকমই হওয়ার ছিল। হে ভগবান...
- এই যে...এই বার তোমার মহা অস্ত্রটা এতক্ষনে বের করেছো। এটাই বাকি ছিল। প্যানপ্যান করে এবার কান্নাকাটি করে সিমপ্যাথি আদায় করার চেষ্টা। বাহ! কায়দাকানুন বেশ ভালোই জানা আছে।
- এই তুমি তাড়াতাড়ি খাও তো... খেয়ে কোথায় যাবে যাও। আমার আর কিছু ভালো লাগছে না।
- কোথায় আবার যাবো... মাথার ঘাম পায়ে ফেলে টাকা কামাতে যাবো। আর তুমি সেই টাকা গুলো নিয়ে...
- আবার?
- আমি চললাম। আর তরপাবে না আমায়। আমার খাবে ...আমার পড়বে...আবার আমাকেই চোখ রাঙাবে তাই না?
- বেশ করেছি নিয়েছি। বেশ করেছি তোমার টাকা নিয়েছি। তোমার টাকায় হাত দেওয়ার অধিকার আমার আছে। কি করবে তুমি?
- কি আবার করবো... কিছুই করবো না।
- কিছুই যদি করবে না তাহলে ওতো হম্বিতম্বি করছিলে কেনো?
- রিয়া, তোমার যথেষ্ট বয়স হয়েছে। গৃহিণী হয়েছো। এই সংসারের দায়িত্ব এখন তোমার। তোমায় এখন শক্ত হতে হবে। ওতো বেহিসেবী হলে সংসারের জন্য সেটা ক্ষতিকর। আমি তোমায় যথেষ্ট টাকা হাত খরচের জন্য দিই। কি দিই না...তুমি নিজের মুখে বলো তো... কি হলো...
- হ্যাঁ দাও তো ... আমি কি তা নিয়ে তোমার কাছে কোনোদিন অভিযোগ করেছি?
- তাহলে তারপরেও তোমার হাত টান পরে কেনো? তুমি জানো, আমি সারাটা মাস কীভাবে হিসেব করে চলি? ক্যাব ভাড়া করি না কোনো দিন। বাসে করে রোজ দাঁড়িয়ে, ট্রেনে ঝুলতে ঝুলতে বাড়ি ফিরি। আমার যা কিছু সঞ্চয় সব কাদের জন্য বলো? তোমাদের জন্যই তো? ভবিষ্যতে তোমাদের যাতে কোনো অসুবিধায় না পড়তে হয় তার জন্যই তো সঞ্চয় করে রাখা বলো? তুমি আর কবে বুঝবে...জানি না।
- তোমার কথাটা শতভাগ সত্য। আমি মানছি। কিন্তু একটা কথা ভেবে দেখো তো, আমরা যদি এই শখের বয়সে নিজেদের শখ, আহ্লাদ গুলো দমিয়ে রাখি ভবিষ্যতে একটু ভালো ভাবে বাঁচবো এই শর্তে তাহলে শখের ইচ্ছে গুলো ওই বয়সে আমাদের মানাবে তো? ধরো, আমার এই বয়সে একটা লাল শাড়ির খুব শখ। সেটা এখন না পূরণ করে সত্তর বছর বয়স এ সেই শখ মেটানোর জন্য পড়লাম। আমায় মানাবে কি? তুমি বলো...
- সেটুকু বিলাসিতা করার মতো অর্থ আমি তোমায় দিই।
- উফফ! তোমার সাথে আমি তর্কে পারবো না । একদম চুল চেরা হিসেব তোমার। সোজা কথা বলি, সামনেই আমার বান্ধবী রিম্পার বিয়ে। সেই জন্য একটা শাড়ি আমার খুব পছন্দ হয়েছে। আমি কিনেছি। ব্যাস...আর কিছু বলার আছে তোমার?
- তুমি গত মাসেই পুজোয় পাঁচটা শাড়ি নিলে।
- ওগুলো সব পরে সোস্যাল মিডিয়ায় ছবি ছাড়া হয়ে গেছে। ওগুলো এখন আর পড়া যাবে না। কয়েকদিন যাক তারপর আবার পরবো।
- মেয়েদের ব্যাপার স্যাপার বোঝা বড়ো দায়। এর থেকে বিয়ে না করে চির কুমার থাকা অনেক ভালো ছিল।
- তাই থাকো না...কে বারণ করেছে তোমায়...আমায় ডিভোর্স দিয়ে দাও। দিয়ে আরামে জীবন কাটাও। কাউকে তাহলে টাকা পয়সা দিতে হবে না। আমিও কিপটে বরের হাত থেকে পালিয়ে বাঁচি।
- এত দিয়েও আমি কিপটে! ভাবা যায়...
- ডিভোর্স নিলেও আমি এমনি এমনি নেবো না। সব পাওনা গণ্ডা বুঝে নেবো। মাসিক অনেক গুলো টাকা খোরপোষ ও তোমায় দিতে হবে।
- ওরে বাপ রে...আবার টাকা? দরকার নেই ডিভোর্স দিয়ে। তুমি যেমন আছো আমার সংসারে থাকো। যা দরকার হয় নিও। কিন্তু ওই ডিভোর্সের কথা আমায় শুনিও না। কারণ অর্থের প্রতি আমার ভীষণ মায়া। কষ্ট করে রোজগার করি কি না...
- আচ্ছা, ডিভোর্স এর কথা বলবো না। তুমি এখন নির্ভাবনায় অফিস যাও। আর তোমার টাকা আমি আর নেবো না। এই তোমায় কথা দিলাম।
- সত্যি বলছো তুমি?
- হ্যাঁ গো। সত্যি... সত্যি...সত্যি তিন সত্যি। আর কোনোদিন তোমায় না জিজ্ঞাসা করে তোমার টাকায় হাত দেবোনা।
- ভগবান তোমায় সুবুদ্ধি দিক। এই কামনা করি। আমি আসছি তাহলে।
- দুগ্গা...দুগ্গা...দুগ্গা...দুগ্গা।
সমাপ্ত
-
0 মন্তব্যসমূহ