মাইগ্রেনের যন্ত্রণা

 - ওফফ! মাইগ্রেনের ব্যথাটা আবার বেড়েছে। 


- কি বলিস? অফিস ছুটি হতে এখনো তো ঢের দেরি। সবে দুপুর তিনটে বেজে দশ মিনিট। তুই কি কাজ কর একটা স্যারিডন কিম্বা প্যারাসিটামল খেয়ে নে। আছে তোর কাছে? আমার কাছে আছে। লাগলে বলিস...


- না রে...দিতে হবে না। ডাক্তারের প্রেসক্রাইব করা মাইগ্রেনের মেডিসিন আমার ব্যাগেই আছে। খাবো একটু পরে ।


- কষ্ট পাচ্ছিস তো ... তুই বরঞ্চ ল্যাপটপটা অফ করে কিছুক্ষণ হেড ডাউন করে থাক।


- হ্যাঁ রে... অফিস টাতো আমার বরের... ল্যাপটপ অফ করে ঘুমোলে কিচ্ছু বলবে না। ভালো করে তাকিয়ে দেখ সিসি ক্যামেরা গুলো যেনো আমাদের গিলে খেতে আসছে। 


- পরের অধীনে কাজ করার এটাই তো সমস্যা। তার থেকে নিজে  স্বাধীন ব্যবসা করলে ঠিক হতো। কিন্তু পুঁজি তো নেই। 


- আর কি হবে...আমাদের কপালে এটাই লেখা আছে। হাজার সমস্যা নিয়েও কাজ করে যেতে হবে। ক্লায়েন্ট এর  কথা মত ঠিক টাইমে ফাইল এর আপডেট দিতে হবে। এভাবেই আমাদের দিন যাবে। আর মাস শেষে হাতে গোনা কয়েকটা টাকা পাবো। 


- রাই, তুই মাইগ্রেনর ব্যথা নিয়েও কত বকতে পারিস... আমার তো একবার মাথা যন্ত্রণা শুরু হলে মাথা তুলতেই পারি না। 


- মাথার ভিতরটা জানিস তো দপদপ করছে। চোখ গুলো টেনে আসছে। যেনো মনে হচ্ছে বিছানায় শরীরটা এলিয়ে   জানালা দরজা বন্ধ করে, আলো নিভিয়ে অন্ধকার ঘরে চুপ করে শুয়ে থাকি। 


- সত্যি মাথা যন্ত্রণা হলে যেনো মনে হয় নিস্তব্ধ ঘরে একটু   ঘুমোই। ঘুমটা ভালো হলে দেখবি মাথাটা পুরো ফ্রেশ হয়ে যায়। মেডিসিনের প্রয়োজন পড়ে না । নে, অনেক্ষণ হয়ে গেলো। তুই মেডিসিনটা খেয়ে নে।


- রিমা, তুই দেখছি পুরো আমার মায়ের মতো বিহ্যাভিয়ার করছিস। একটু কিছু হলেই আগে মেডিসিন খাওয়ানোর জন্য ছটফট করে। 


- মায়েরা এমনই হয় রে। তারা সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। আমার মাও তাই করেন। আর আমায় বলেন, সন্তানের কষ্ট হলে মায়ের বুকটা যে কতটা আকুলিবিকুলি করে সেটা তুই বুঝবি না। যখন মা হবি তখন বুঝবি। 


- হুমম। সব মেয়েরাই কিন্তু এই কথাটা বলেন। আমার মা ও সেম কথা বলেন। এই রিমা, আমার জল টা শেষ হয়ে গেছে। তোর বোতলটা দে। আর সহ্য করতে পারছি না। মেডিসিন টা খেয়ে নিই। 


- নে ধর, তোর জল শেষ হয়ে গেছে? আগে বলবি তো। আমি জল ফিল করে নিয়ে আসবো একটু পরেই। ততক্ষণ আমারটাই নিস।


- ঠিক আছে। অসুবিধা নেই। 


- তোর যদি কিছু কাজ বাকি থাকে আমায় বলিস, আমি জানলে করে দেবো। আগে আমার টা কমপ্লিট করে নিই। 


- নারে রিমা, থ্যাংকস তোকে। আমায় হেল্প করতে চাওয়ার জন্য। কিন্তু এই প্রজেক্টটা সামলানো একটু চাপ আছে । প্রথম থেকে না বুঝলে পারবি না। আমি আস্তে আস্তে ঠিক করে নেবো। তুই চিন্তা করিস না।


- আচ্ছা, মাথা যন্ত্রণা হলে কেউ এত বকতে পারে, আমার জানা ছিল না। তুই একটু টেবিলে মাথাটা রেখে ঘুমোনোর চেষ্টা কর রাই। বস এসে কিছু জিজ্ঞেস করলে আমি বলে দেবো। তাছাড়া শরীর থাকলে মাঝে মাঝে খারাপ হবেই। আধ ঘণ্টা রেস্ট নিলে বস কিছুই বলবেন না। উনিও তো মানুষরে বাবা। রক্ত মাংসে গড়া প্রাণ। 


- একটা ব্যাপার কি বলতো, রিমা ...আমার যখন এই মাইগ্রেনের যন্ত্রণাটা শুরু হয় মাথায় তীব্র যন্ত্রণা হয়। এই যন্ত্রণার চটে আমার কিছুতেই ঘুম আসে না। শান্ত হয়ে চোখ বুজতে পরি না। আরও যেন মাথার মধ্যে দপদপানি বেড়ে যায়। বাড়িতে হলে ঘর অন্ধকার করে  রিল্যাক্স করে শুলে ঘুম চলে আসে। কিন্তু এখানে এত লাইট, কোলাহলে ঘুম আসবেই না। 


- মেডিসিন টা তো খেলি। ঘণ্টা খানেক টাইম দে। দেখ ঠিক হয় কিনা...তারপর নাহলে আজ ক্যাব বুক করেই বাড়ি ফিরিস। ভিড় বাসে যেতে হবে না। 


- ছুটি হতে এখন অনেক দেরি। ততক্ষণে হয়তো একটু সেরে যাবে। মাথা যন্ত্রণা হলেও আমি শুরুতে একটু সহ্য করতে চাই। কারণ মেডিসিন সবসময় খাওয়া তো ভালো নয়। আমি শুনেছি সময়ে, অসময়ে, অপ্রয়োজনে ঘন ঘন  ব্যথা, যন্ত্রণার মেডিসিন খাওয়া শরীরের জন্য মোটেও ভালো নয়। এতে কিডনি, হার্টের নাকি ক্ষতি হয়। কারণ অনেক মেডিসিন এরই নাকি পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। তাই আমি ওষুধের দোকানে বলে কখনোই ওষুধ নিই না। ডাক্তার দেখিয়েই নিই ।


- এটা কিন্তু তুই  ভালোই করিস। এই .… এতক্ষণ আমার মনে ছিল না। আমার কাছে মাথা যন্ত্রণার বাম আছে লাগাবি? 


- কই দে তো...এতে আমার খুব ভালো কাজ হয়। ওই মলমের ঝাঝে চোখ জুড়িয়ে আসে। হালকা যদি একটা ন্যাপ নিতে পারি ভালো হয়। মেডিসিনটা তাহলে ভালো কাজ করবে। 


- আয়, এদিকে একটু সরে আয় দিকি...মাথায় হালকা মাসাজ করে বাম টা লাগিয়ে দিই ।


- উফফফ! ভীষণ আরাম হচ্ছে রে রিমা। তোর হাতটা কপালে ছোঁয়া মাত্রই খুব রিল্যাক্স লাগছে।  বামটা এমন ভাবে দিচ্ছিস আমার আরামে চোখ বন্ধ হয়ে আসছে। ঘুম চলে আসছে। 


- বেশ তো! একটু ঘুমিয়ে নে। চুলের ক্লিপটা খুলে দেবো? চুলটা আলগা থাকলে আরাম হবে। 


- তাই দে...


- দিচ্ছি। এবার তুই একটু ঘুমোনোর চেষ্টা কর।


..........................................


- রিমা.. এই রিমা... কটা বাজলো বল তো?


- ওহঃ তুই উঠে পড়েছিস? মাথাটা একটু ছেড়েছে ।


- হ্যা, অনেকটাই ফ্রেশ লাগছে এখন। কটা বাজে বলতো? আমার ফোনটাও যে কোথায় রেখেছি... খুঁজে পাচ্ছি না।


- তোর ডেস্ক এ রেখেছি। এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে 


- এত বেজে গেল? আমার তো কাজই সব শেষ হয় নি। ডেকে দিবি তো? এবার তো মহাবিপদে পড়লাম। 


- টেনশন করিস না। বস এসে দেখে গেছেন। আমি যা বলার বলেছি। 


- কি বলেছিস? 


- তোর মাথা ব্যথার কথা। উনি কিচ্ছু খারাপ রিঅ্যাক্ট করেন নি। বরং বললেন, আমারও এই মাইগ্রেনের সমস্যা আছে। এটা যে কতটা মারাত্মক তা উনি জানেন। তোর ঘুম ভাঙলে, শরীর পারমিট করলে তোকে বাড়ি চলে যেতে বলেছেন। একটা মেল করে।


- সত্যিই রে রিমা...আমরা ভাবি বেসরকারি চাকরি মানেই পরের অধীনে কাজ করা। এখানে কোনো বাড়তি সুযোগ, সুবিধা নেই। কিন্তু আমাদের কোম্পানিটা একটু অন্যরকমই বল? এরা মানুষ বোঝে, তাদের সুবিধা, অসুবিধা, বিপদ , আপদে পাশে থাকে। কি বলিস?


- হ্যা রে। এ থেকেই বোঝা যায় মানবতা এখনো বেঁচে আছে। 


সমাপ্ত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ